বিয়ে আমার সবকিছুতেই একটু পাগলামি থাকে। ২০০৫ সাল। আমি থাকি ইস্টার্ন প্লাজার পেছনে সেন্ট্রাল রোডের এক বাসায়। জার্নালিজমের উপর একটা পোষ্ট গ্র্যাজুয়েশন কোর্স করছিলাম তখন। আমেরিকা থেকে এসেছিলাম ২০০৪ সালে। আমেরিকা থেকে এসে কেউ সাংবাদিকতার কোর্স করে বলে আমার জানা নেই। এটাও এক পাগলামি। শফিক রেহমানের সঙ্গে কথা হয়েছে দৈনিক যায়যায়দিনে কাজ করবো। যেহেতু সাপ্তাহিক যায়যায়দিনে ১০ বছর লিখেছি এবং ২৬টি দেশ ভ্রমণ করার অভিজ্ঞতা আছে বলে আমার অগ্রাধিকার থাকবে বলে সম্পাদক আমাকে ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করার আশ্বাস দিয়েছিলেন। তো একদিন একটা ফতুয়া কিনবো বলে গেলাম রাইফেলস স্কোয়ারের( বর্তমানে সীমান্ত স্কোয়ার) পাশে এমবালা কমপ্লেক্সে( Ambala Complex)। ওই মার্কেটের চারতলায় ডিডি মানে ডেসি ডেল( Dressy Dale)। বেশ অভিজাত রেডিমেড কাপড়ের দোকান। ছেলেদের শুধু পাঞ্জাবি আর ফতুয়া আছে। আর সব আইটেম মেয়েদের। শাড়ি, থৃ পিস,লেহেঙ্গা। সব আইটেমই দামি। কাস্টমারও সব ধনী। সব আইটেম ডিডির নিজস্ব প্রোডাকশন। আমিও তখন ধনী। আমেরিকান ডলারের ঝনঝনানি তখনো বেশ আছে। আমি ডিডিতে ঢুকেই দেখি একঝাক মেয়ে সেলস গার্ল। আমি ফতুয়া স...